Logo
প্রিন্টের তারিখ ও সময়: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন | প্রকাশের তারিখ: সেপ্টেম্বর ১, ২০২৬

ছাত্রদলের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত আসেনি রিজভী

ছাত্রদলের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত আসেনি রিজভী

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সংগঠন থেকে বিদায়ের গুঞ্জনের মধ্যে নতুন কমিটি গঠন নিয়ে বিএনপির অবস্থান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। এর পর থেকেই সংগঠনটির নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের নতুন কমিটি আজই ঘোষণা করা হবে কি না, এমন প্রশ্নের মুখোমুখি হন রিজভী।

জবাবে তিনি বলেন, তাঁর কাছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। এমন কোনো সিদ্ধান্ত হয়ে থাকলে পরবর্তী সময়ে তা জানানো হবে।

রিজভী বলেন, দলের হাইকমান্ড ছাত্রদলের নেতাদের সঙ্গে আলোচনা করছেন। তাঁদের সঙ্গে কী আলোচনা হয়েছে বা কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি এই মুহূর্তে কিছু বলতে পারছেন না।

তিনি আরও বলেন, নতুন কমিটি গঠনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে শুক্রবার পর্যন্ত তাঁর কাছে এ সংক্রান্ত কোনো নির্দেশনা আসেনি।

এদিকে বিএনপির মহাসচিবের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয় পদ কিংবা সরকারের অন্য কোনো পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক কারণ বিবেচনায় দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।